বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম. এ. গফুর।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্ত্তজা ছোট পেয়েছেন ১৫৪ ভোট এবং অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।
সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট পেয়ে গোলাম মোস্তফা এবং ২৪৯ ভোট পেয়ে বাসুদেব বিশ্বাস নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূর আলম পান্নু। সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে সেলিম রেজা ও ২৯৪ ভোট পেয়ে রিনা আখতার মিলি নির্বাচিত হয়েছেন।
গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে কামরুল হাসান সোহেল নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মো. মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০ এবং শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শুরু হয় এবং রাত ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ভোটারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/আয়েশা