সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।
বৈঠকে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে; এনজিও নিবন্ধনের প্রক্রিয়া সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তও শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত বৈদেশিক অনুদানের ক্ষেত্রে অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়াও উপস্থাপন করা হয়। এটি আরও পরিমার্জিত করে পরবর্তী সভায় পুনরায় উত্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল সভাকে অবহিত করেন যে আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে কারাবন্দী থাকা অবশিষ্ট ২৪ জন বাংলাদেশিকে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে। তিনি জানান, দুই–তিন দিনের মধ্যেই তাঁদের দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে।
রিপোর্টার্স২৪/এসসি