সিনিয়র রিপোর্টার: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, খিলগাঁও তালতলা, গুলিস্তান স্টেডিয়াম এলাকা ও মেট্রোরেলের আশপাশে রাত্রিযাপন করা শত শত সুবিধাবঞ্চিত শিশুরা তাদের বাসস্থান ও চিকিৎসার দাবি জানিয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন মানববন্ধনে অংশ নেয় পথশিশুরা।
শিশুরা জানায়, প্রতিদিন রাতের অন্ধকারে তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং নানা সময় নেশার দ্রব্য গ্রহণে বাধ্য করে একশ্রেণির প্রভাবশালী অসাধু মহল। নিরাপত্তাহীন পরিবেশে তারা তিন বেলা খাবারও ঠিকমতো পায় না।
শিশুরা বলে, আমাদের কোনো ঘর নেই। খাবার ঠিকমতো পাই না। কেউ টাকা কেড়ে নেয়, ভয় দেখায়। আমরা চাই সরকার আমাদের থাকার জায়গা দিক, চিকিৎসা দিক, যেন আমরা মানুষ হিসেবে বাঁচতে পারি। মানববন্ধনে অংশ নেওয়া শিশু অধিকারকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে এই শিশুরা রাস্তায় বড় হচ্ছে, কিন্তু মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাদের নিরাপদ আশ্রয়, নিয়মিত খাবার, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার ব্যবস্থা করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পুনর্বাসন ও সুরক্ষার জন্য কার্যকর নীতি প্রয়োগ, আশ্রয়কেন্দ্র সম্প্রসারণ এবং শিশু পাচার ও নিপীড়ন প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ সময়ের দাবি। মানববন্ধনে শিশুদের একটাই আবেদন আমরা নিরাপদে থাকতে চাই, পড়তে চাই, মানুষ হতে চাই।