নাটোর প্রতিনিধি: নাটোরে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নলডাঙ্গা ও সিংড়া থানার এলাকায় টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে বুধবার (২৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত চলা অভিযানে জেলা পুলিশের প্রায় ১৭০ সদস্য অংশগ্রহণ করেন।
অভিযানে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত ও চুরি মামলার ১৫ আসামি এবং সিংড়ায় ওয়ারেন্ট, চুরি ও ডাকাতি মামলার ২৬ আসামিসহ মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান-শুটার পাইপগান, একটি চাপাতি, একটি চাকু ও অবৈধ মাদকও উদ্ধার করা হয়।
অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হলো সিংড়ার নিঙ্গুইন ভাটোপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত মোঃ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা রয়েছে। নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। নলডাঙ্গা ও সিংড়া মিলিয়ে মোট ৫টি মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আয়েশা