| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনিজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৫:২৮:৩৪:অপরাহ্ন  |  ৯৬৪৯৬৩ বার পঠিত
ভেনিজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা করলেন ট্রাম্প
ছবির ক্যাপশন: ছবি: -রয়টার্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনিজুয়েলার ওপর ও আশপাশের আকাশসীমা ‘সম্পূর্ণরূপে বন্ধ’ হিসেবে বিবেচনা করা উচিত। তবে এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। নিকোলাস মাদুরোর সরকারের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ার মধ্যেই এ ঘোষণা এলো।

ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে লেখেন,‘সকল এয়ারলাইন্স, পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশে বলছি, ভেনিজুয়েলার ওপর ও চারপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করুন।’

এ বিষয়ে মন্তব্য জানতে ভেনিজুয়েলার সরকারি যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে মন্তব্য চাওয়া হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরও কোনো উত্তর দেয়নি।

এরই মধ্যে ক্যারিবীয় এলাকায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান কয়েক মাস ধরে চলমান। পাশাপাশি অঞ্চলটিতে মার্কিন সেনা উপস্থিতিও বাড়ানো হয়েছে। ভেনিজুয়েলায় সিআইএ–এর গোপন অভিযান পরিচালনার অনুমতিও দিয়েছেন ট্রাম্প।

সপ্তাহের শুরুতে মার্কিন সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, সন্দেহভাজন ভেনিজুয়েলান মাদক পাচারকারীদের ঠেকাতে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ স্থল অভিযান শুরু করবে।

গত সপ্তাহে মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ) সতর্ক করে জানায়, ভেনিজুয়েলার ওপর দিয়ে উড়োজাহাজ চলাচলে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সামরিক তৎপরতা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

এফএএ–এর ওই সতর্কতার পর ছয়টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের কার্যক্রমের অনুমোদন বাতিল করেছে ভেনিজুয়েলা সরকার। এসব এয়ারলাইন্স আগে থেকেই দেশটির ফ্লাইট স্থগিত রেখেছিল।

মার্কিন প্রশাসন বহুদিন ধরে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ করে আসছে, যা তিনি বরাবরই অস্বীকার করেছেন। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাঁর সরকার পতনের চেষ্টা করছেন এবং ভেনিজুয়েলার জনগণ ও সেনাবাহিনী তা প্রতিহত করবে।

এ অঞ্চলে মার্কিন বাহিনী এখন পর্যন্ত মূলত মাদকবিরোধী অভিযানেই মনোযোগী। তবে তারা স্বীকার করেছে, অঞ্চলটিতে জড়ো করা সামরিক সক্ষমতা এসব অভিযানের প্রয়োজনীয়তার চেয়ে অনেক বেশি।

সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌযানে অন্তত ২১টি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে নিহত হয়েছে কমপক্ষে ৮৩ জন। -রয়টার্স

রিপোর্টার্স২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪