রিপোর্টার্স২৪ডেস্ক: হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ আর নেই। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
কারা অধিদফতরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, দুপুরে তানভীর মাহমুদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ঢামেকে পাঠানো হয়। বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি করে এক্সট্রা বেড-১৯-এ রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
কারা কর্তৃপক্ষ জানায়, তানভীর দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারেই তিনি কারাভোগ করছিলেন।
অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ মোট নয়জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম।
২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মোট ১১টি মামলা হয়। এসব মামলার একটির রায় অনুযায়ী তানভীর মাহমুদ সাজাপ্রাপ্ত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি