| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৫:৫২:৩২:পূর্বাহ্ন  |  ১২০৯৭১৯ বার পঠিত
ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্যসহ সাক্ষ্যগ্রহণ আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন হবে। একই সঙ্গে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে সূচনা বক্তব্যের পর সাক্ষ্যগ্রহণ করা হবে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন— অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ইনু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে “সো-কলড” বলে আখ্যায়িত করেছেন। তবে প্রসিকিউশন তার মন্তব্যকে রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসেবে দেখছে এবং আবেদন বাতিল চাওয়ার দাবি করেছে। আজ ট্রাইব্যুনাল এই বিষয়ে আদেশ দিতে পারে।

এর আগে ২ নভেম্বর ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতির বিরুদ্ধে আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে আজকের দিনটি সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারণ করা হয়। সেই দিন আটটি অভিযোগই ইনুর কাছে পাঠ করা হয়। নিজের ক্লায়েন্টকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। প্রসিকিউশন জানায়, ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারবে না।

চলতি বছরের ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ইনুকে হাজিরের নির্দেশ দেয়। ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন জুলাই–আগস্ট গণহত্যায় সহযোগিতাসহ আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। শুনানিতে আটটি অভিযোগ উপস্থাপন করা হয় এবং আদালত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

গত ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

জুলাই–আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় শহীদ হন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বহু সাধারণ মানুষ। তদন্তের পরে প্রসিকিউশন উসকানি ও ষড়যন্ত্রসহ আটটি নির্দিষ্ট অভিযোগ দাখিল করে। মামলায় সাক্ষী করা হয়েছে ২০ জনকে, তিনটি অডিও ও ছয়টি ভিডিও নথি হিসেবে প্রদান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪