সিনিয়র রিপোর্টার: রাষ্ট্রপক্ষের দায়ের করা আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি নেতা ও আইনজীবী ফজলুর রহমানকে তলব করেছে। আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ অভিযোগ উত্থাপন করেন। অভিযোগে তিনি বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ফজলুর রহমান মন্তব্য করেন যে তিনি ‘এ ট্রাইব্যুনাল মানেন না’। তাঁর দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারেই এ ট্রাইব্যুনাল সীমাবদ্ধ থাকা উচিত; অন্য কোনো মামলার বিচার এখানকার আওতায় পড়ে না।
প্রসিকিউটর মোনাওয়ার আরও বলেন, ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, যুদ্ধাপরাধ ও ‘ক্রাইম অ্যাগেইনস্ট পিস’-এর মতো গুরুতর অভিযোগের বিচার করে থাকে। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। কিন্তু ফজলুর রহমান ধারাবাহিকভাবে ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া ও বিচারকার্য নিয়ে প্রশ্ন তুলে আসছেন, যা আদালত অবমাননার শামিল।
টকশোর আরও একটি অংশ উদ্ধৃত করে তিনি জানান, ফজলুর রহমান সেখানে বলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলেই এখানে বিচার হতে পারে না। যারা বিচার করছেন, তাদের ভেতরে একটা কথা আছে বলে আমার ধারণা। প্রসিকিউটর বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে ফজলুর রহমান নিশ্চয়ই জানেন এ ধরনের মন্তব্যের পরিণতি কী হতে পারে। তারপরও তিনি বারবার ট্রাইব্যুনালকে অবমূল্যায়ন করে মন্তব্য করেছেন, যা ইচ্ছাকৃত আদালত অবমাননা।
অভিযোগ উপস্থাপনের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর সদস্য-২ বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। তবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্য-১ বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ উপস্থিত ছিলেন না। অভিযোগ শোনার পর বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী মন্তব্য করেন, এটি খুবই গুরুতর অভিযোগ।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান।
রিপোর্টার্স২৪/এসসি