| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সারাদেশে টিকাদান কার্যক্রম বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৯:২৮:২২:পূর্বাহ্ন  |  ১১৭২২১৪ বার পঠিত
শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সারাদেশে টিকাদান কার্যক্রম বন্ধ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য দূরীকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। তাঁদের এই কর্মবিরতির কারণে সারাদেশে টিকাদান কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

শনিবার থেকে ‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে দেশের ৬৪ জেলার ২৬ হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ফলে দেশের ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রের মধ্যে প্রতিদিনের ১৫ হাজার কেন্দ্রে টিকাদান সেবা বন্ধ রয়েছে। এতে টিকা নিতে আসা অসংখ্য মা ও শিশু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শীত উপেক্ষা করে হাজার হাজার স্বাস্থ্যকর্মী প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে শহীদ মিনারে জমায়েত হন। অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। প্ল্যাকার্ডে দাবি বাস্তবায়নের বিভিন্ন স্লোগান ছিল সুস্পষ্ট।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাঁদের কঠোর পরিশ্রমের কারণেই দেশের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাস্থ্যখাত সাফল্য অর্জন করেছে। ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য গ্যাভি, জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাইকা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে একাধিক পুরস্কার দিয়েছে। কিন্তু যাঁদের প্রচেষ্টায় এসব অর্জন, সেই স্বাস্থ্য সহকারীরাই দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন।

সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, কয়েক দফা আলোচনায় বসেও কোনো সমাধান পাননি তাঁরা। দাবি আদায়ের প্রজ্ঞাপন (জিও) জারি না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। তাঁদের ভাষ্য, দেয়ালে পিঠ ঠেকে গেছে। বারবার আশ্বাস পেলেও কর্তৃপক্ষ কথা রাখেনি। যৌক্তিক ৬ দফা দাবির প্রজ্ঞাপন জারি না হলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

স্বাস্থ্য সহকারীদের দাবি, প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা থেকে বঞ্চিত করে আন্দোলনে যেতে তাঁদের ইচ্ছা ছিল না। তবে কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪