স্টাফ রিপোর্টার: সহকারী শিক্ষক পদটি বিসিএস ক্যাডারভুক্তকরণসহ চার দফা দাবিতে আগামীকাল সোমবার (১ ডিসেম্বর ২০২৫) থেকে পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির কারণে চলমান বার্ষিক পরীক্ষাও স্থগিত থাকবে। গত ২৪ নভেম্বর শুরু হওয়া পরীক্ষার পরবর্তী অংশ আর নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমিতির এক নেতা প্রথম আলোকে জানান, সরকার দাবি বাস্তবায়ন করলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অবশিষ্ট পরীক্ষাগুলো নেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালু থাকবে।
মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবিগুলো হলো
১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’ গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন।
৪. ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২–৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা পুনর্বহাল করে গেজেট প্রকাশ।
সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিনের পেশাগত মর্যাদা ও বেতন–ভাতা সংক্রান্ত দাবিতে রোববার দ্বিতীয় দিনের মতো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। দাবিগুলো না মানায় তাঁরা সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি