স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (৩০ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ১৬ সেপ্টেম্বর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনকালে গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পরদিন আদালতে উপস্থাপন করা হয়। ওইদিন পুলিশের আবেদনের ভিত্তিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে গ্রেপ্তার দেখান। পরে ২০ অক্টোবর একই মামলায় আদালত তাকে আরও দুদিনের রিমান্ডে পাঠান।
রিপোর্টার্স২৪/এসসি