রিপোর্টার্স২৪ডেস্ক: ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০০ কোটি টাকা ঘুস দেওয়ার অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণাসহ একাধিক মামলা ধামাচাপা দিতে তিনি এই অর্থ প্রদান করেছেন।
দুদক সূত্র জানায়, উপ-পরিচালক এ কে এম মাহবুবুর রহমানকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে ৫ নভেম্বর চিঠি পাঠানো হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব, লেনদেন ও আর্থিক তথ্য যাচাই-বাছাই শুরু হয়েছে। প্রয়োজনে ব্যাংক হিসাব স্থগিত বা সম্পদ জব্দের মতো ব্যবস্থা নিলে তাৎক্ষণিকভাবে কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের বিরুদ্ধে ২০২৪ সালে শাযরেহ হক চারটি মামলা করেন। এর মধ্যে ভাই আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে বড় বোন সিমিন রহমানসহ কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া সম্পত্তি আত্মসাৎ, অবৈধভাবে শেয়ার হস্তান্তর ও প্রতারণার অভিযোগে আরও তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর সূত্র ধরে পিবিআই গুলশানের ট্রান্সকম হেড অফিস থেকে বেশ কিছু নথিও জব্দ করে।
দুদকের বিশেষ তদন্ত বিভাগ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অনুসন্ধান চলছে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/বাবি