রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কিছুটা উন্নতির দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৩০ নভেম্বর) রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জেনেছেন—গত কয়েক দিনের মতোই তাঁর অবস্থা স্থিতিশীল, পাশাপাশি সামান্য অগ্রগতি হয়েছে। চিকিৎসকদের ধারণা, আগামী দিনগুলোতে আরও উন্নতি হতে পারে।
মাহফুজ আলম বলেন, দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তিনি তাঁর দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেছেন। তিনি আশা প্রকাশ করেন, সুস্থ হয়ে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক পুনর্গঠনের পথচলা প্রত্যক্ষ করবেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে বর্তমান সরকার।
রিপোর্টার্স২৪/বাবি