রিপোর্টার্স২৪ ডেস্ক : শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের দায়িত্বে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) সিটি করপোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ রোধ করতে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন। বাজার, শপিং মল ও ফুটপাত এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
রিজওয়ানা হাসান আরও বলেন, শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই হাইড্রোলিক হর্ন, লাউডস্পিকার ও নির্মাণকাজে শব্দ নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে। বায়ুদূষণ কমাতে নির্মাণ সামগ্রী ভেজা পদ্ধতিতে সংরক্ষণ, ঢেকে পরিবহন এবং অবৈধ ইটভাটা বন্ধে করপোরেশনের আরও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা মাঠে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ব্যবহার, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। রিজওয়ানা হাসান বলেন, দক্ষ নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। এটি কর্মকর্তাদের কাজের দক্ষতা বাড়াবে এবং নগরসেবা উন্নত করবে।
অনুষ্ঠানে এনআইএলজি’র মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অধিশাখা) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান এবং এনআইএলজি’র পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) মো. কায়েসুজ্জামান বক্তব্য রাখেন।
রিপোর্টার্স২৪/ঝুম