| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রেসসচিব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:১৪:১৭:পূর্বাহ্ন  |  ১১৯২৫৬৪ বার পঠিত
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: প্রেসসচিব
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার(১ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখছেন না। তবে সরকারের দৃষ্টিতে ফেব্রুয়ারির প্রথমাংশেই একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের পথ সুগম হয়েছে। খুব শিগগিরই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রেসসচিব বলেন, জিল্লুর রহমান কয়েক মাস ধরে একই মন্তব্য করছেন। তিনি তা বলতে স্বাধীন। কিন্তু নির্বাচন প্রস্তুতিতে সরকার অপ্রস্তুত এ দাবি বাস্তবতার অতিরঞ্জন।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে রেকর্ডসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীসহ নজিরবিহীন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। নতুন ডিসি–এসপি পোস্টিংও সম্পন্ন হয়েছে, এবং এসব নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি।

তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে শুরু হয়ে গেছে, অধিকাংশ দল প্রার্থী ঘোষণা করেছে। সীমিত কিছু দলীয় কোন্দল ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জুলাই চার্টার গৃহীত হওয়ায় নতুন রাজনৈতিক সমন্বয়ের ভিত্তি তৈরি হয়েছে। একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও জোরেশোরে চলছে।

জিল্লুর রহমানের মন্তব্যকে প্রশ্নবিদ্ধ করে প্রেসসচিব লেখেন, তাহলে কি তিনি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না? আর কেন তিনি ইঙ্গিত দিচ্ছেন যে আমরা ১৯৯৬ সালের ফেব্রুয়ারি, ২০১৪, ২০১৮ বা ২০২৪ সালের মতো পরিস্থিতির দিকে যাচ্ছি?

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত একটি দল নির্বাচনে অংশ নিতে না পারলে নির্বাচন ‘অবিশ্বাসযোগ্য’ হয়ে যায় এ দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষও এ যুক্তি মানছেন না।

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় ফেরানোর পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না। দলের নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কোনো সভ্য দেশই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বহু নির্বাচনে কারচুপির অভিযোগে থাকা দলকে সহজে নির্বাচনে ফেরাতে পারে না।

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাগুলো দেখিয়েছে বাসে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের মতো সহিংসতাকে এখনো রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতে চায় দলটি।

জিল্লুর রহমান সম্পর্কে তিনি লেখেন, সাম্প্রতিক বছরগুলোতে তিনি যে মনোলগ ভিডিও তৈরি করছেন, তার অনেক অংশই গুজব ও বিভ্রান্তি ছড়ায়। নাজমুল আহসান কলিমুল্লাহ ও গোলাম মাওলা রনির মতো ‘বিতর্কিত তথ্যবাহকদের’ও তিনি প্ল্যাটফর্ম দিয়েছেন। ফলে তিনি নিজেও ক্রমশ বিভ্রান্তিকর তথ্যচর্চায় জড়াচ্ছেন কি না সেই প্রশ্নও ওঠে।

পোস্টের শেষে প্রেসসচিব লেখেন, মানুষ বিবেচনাশীল, তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। দুটি বিষয় পরিষ্কার আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এবং অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে, ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪