নারায়ণগঞ্জ প্রতিনিধি: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে কাউকে শোকজ করা হবে না; বরং প্রমাণ মিললেই সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা দরকার, যেখানে জেল দেওয়ার প্রয়োজন ম্যাজিস্ট্রেটরা সেসব বিষয়ে সর্বদা প্রস্তুত থাকবেন।
তিনি জানান, আসন্ন নির্বাচনে পোস্টার ব্যবহারে কঠোরতা বজায় থাকবে। এবার নির্বাচনে কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার পর থেকেই আমরা কঠোর অবস্থানে যাব। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে যা প্রয়োজন, তা করা হবে,” বলেন তিনি।
নির্বাচনকেন্দ্রের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, কমিশনের অধীনে একটি মনিটরিং সেল কাজ করবে, যেখানে আইন–শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সমন্বয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। “আমরা আশা করি, এবারের নির্বাচন সর্বোত্তম একটি নির্বাচন হবে,” যোগ করেন তিনি।
কর্মশালায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি




