রিপোর্টার্স২৪ ডেস্ক: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর আবারও প্রাণ কেড়ে নিয়েছে দুইজনের। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬১০ জন রোগী। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে, আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ১২ জনে পৌঁছেছে।
সোমবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৫২ জন, চট্টগ্রামে ১২২ জন, ঢাকায় ৮১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০২ জন, খুলনায় ৩১ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ১৭ জন, রংপুরে দুইজন এবং সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত দুইজনই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ সময়ে চিকিৎসা নিয়ে ৫৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৬১৮ জনে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ৫৭৫ জন। আর আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ। সে বছর ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জন, এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৌসুমের শেষ প্রান্তে এসেও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি কমছে না। তাই মশকনিধন কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম