স্টাফ রিপোর্টার: নবম পে স্কেল নিয়ে চার দফায় সব মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে পে কমিশন। সচিবরা জানিয়েছেন, আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত কাঠামো প্রস্তাব করা উচিত। বিভিন্ন সংগঠন তিন থেকে চার গুণ পর্যন্ত বেতন বৃদ্ধি প্রস্তাব করলেও সচিবরা এর বিরোধিতা করেন। তাদের বক্তব্য, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় না নিয়ে অতিরিক্ত বৃদ্ধি সুপারিশ করা যাবে না।
পে কমিশন সূত্র জানায়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক বৈঠকে তাদের মতামত নেওয়া হয় এবং সুপারিশ প্রণয়নে এসব মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সচিবদের মতামত সংগ্রহ করা ছিল বেশ চ্যালেঞ্জিং। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব না হওয়ায় ধাপে ধাপে বৈঠক করতে হয়েছে। তিনি বলেন, সচিবরা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, যা এখন পর্যালোচনাধীন। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কমিশনের সুপারিশ জমা দিতে পারব বলে আশা করছি।
কমিশন সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণোদ্যমে কাজ চলছে এবং কাজের অর্ধেকের বেশি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি