স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা ও স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধির কারণে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম হবে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। মাত্র একদিনের ব্যবধানে এটি দ্বিতীয় দফা মূল্যবৃদ্ধি।
৩০ নভেম্বর থেকে কার্যকর হওয়া আগের দামে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। দু’দফায় মোট বেড়েছে প্রায় ৩ হাজার ৯৭৮ টাকা।
বাজুসের ২৯ নভেম্বর রাতের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩০ নভেম্বর থেকে ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ২,১০,৫৭০ টাকায়; ২১ ক্যারেট ২,০১,০০৬ টাকা, ১৮ ক্যারেট ১,৭২,২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১,৪৩,৩২৭ টাকায়। এর আগে ২০ নভেম্বর ভরিপিছু ১,৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বাজুস জানায়, চলতি বছর এ পর্যন্ত ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৫৫ বার বেড়েছে, ২৬ বার কমেছে। গত বছর মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যার ৩৫ বার ছিল বৃদ্ধি।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ২ ডিসেম্বর থেকে নতুন দাম দাম হলো: ২২ ক্যারেট: ২,১২,১৪৫ টাকা;২১ ক্যারেট: ২,০২,৪৯৯ টাকা; ১৮ ক্যারেট: ১,৭৩,৫৭২ টাকা; সনাতন পদ্ধতি: ১,৪৪,৪২৩ টাকা ।
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও সমন্বয় প্রয়োজন হয়েছে। তারা বলছে, বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন হলে আবারও দাম সমন্বয় করা হবে।
ঘোষিত দামের সঙ্গে ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। গহনার নকশা ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য থাকতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি