কূটনৈতিক প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারেক রহমান চাইলেই তার ট্রাভেল পাস ইস্যু করা হবে।’ তিনি আরও জানান, তার ফেরার বিষয়ে সরকারকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি বিএনপি বা তার পরিবার।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দল বা পরিবার সিদ্ধান্ত নিলে সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন, সঙ্গে রয়েছে আরও কয়েকটি জটিলতা।
অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) এবং রোববার ভোরে সেখান থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) স্থানান্তর করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’
রিপোর্টার্স২৪/এসসি