স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করার পর থেকে তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যরা পৌঁছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা দায়িত্ব গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে বেলা দুইটার দিকে এসএসএফ সদস্যদের একটি গাড়ি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।
দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের বাইরে সাংবাদিকদের ব্রিফ করেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং চিকিৎসা মেইনটেন করা সম্ভব হচ্ছে। চিকিৎসার অগ্রগতির অংশ হিসেবে আজই যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এভারকেয়ার হাসপাতালে ১০ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি