স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই পদায়ন সম্পন্ন হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচনকালীন দায়িত্ব সুষ্ঠুভাবে পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে আগে থেকেই বিভিন্ন ইউনিট প্রধানের কাছ থেকে সৎ ও নিরপেক্ষ পরিদর্শকদের তালিকা সংগ্রহ করা হয়। সেই তালিকার ভিত্তিতেই লটারির মাধ্যমে পদায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচিত কর্মকর্তাদের তালিকায় ‘প্রস্তাবিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মেট্রোপলিটন এলাকার থানাগুলো এতে অন্তর্ভুক্ত নয়। এসব থানায় ওসি পদায়নের দায়িত্ব সংশ্লিষ্ট মহানগর পুলিশ কমিশনাররা অভ্যন্তরীণভাবে সম্পন্ন করবেন।
রেঞ্জভিত্তিক পদায়ন সংক্ষিপ্তসার: ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানা; চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানা; খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানা; ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানা; বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানা; সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানা; রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানা ; রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানা।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৬৩৯টি থানা রয়েছে; জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি