সিনিয়র রিপোর্টার: আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫–এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য বহুমাত্রিক সুযোগ সৃষ্টি করেছে। নিরাপত্তা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে ড. ইউনূস বলেন, এনডিসিতে অধ্যয়ন ও অভিজ্ঞতা তাঁদের জাতীয় উন্নয়ন, নীতি নির্ধারণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সহায়তা করবে। তিনি আরও বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ নেতৃত্ব তৈরিতে এনডিসি ইতোমধ্যে উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।” পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় অর্জিত জ্ঞান ও দক্ষতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের উদ্দেশে।
উল্লেখ্য, ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫–এ ৯৬ জন অংশ নেন—বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৯ জন, অসামরিক প্রশাসনের ১৮ জন এবং ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের ২৯ জন কর্মকর্তা। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে এএফডব্লিউসি ২০২৫ সম্পন্ন করেন।
রিপোর্টার্স২৪/এসসি