সিনিয়র রিপোর্টার: আদালত অবমাননার মামলায় ট্রাইব্যুনালে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা ফজলুর রহমান। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মাদ তাজুল ইসলাম
তিনি বলেন, ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা ফজলুর রহমান। আগামী সোমবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ নভেম্বর ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এর জেরে গত ৩০ নভেম্বর বিএনপির এই নেতাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এরমধ্যেই বুধবার ট্রাইব্যুনালকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান।
প্রসিকিউশন জানিয়েছে, গত ২৩ নভেম্বর চ্যানেল 24 এর একটি টকশো’তে অংশগ্রহণ করেন বিএনপি নেতা ফজলুর রহমান। ওই টকশো’তে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকেই বলছি, এই কোর্ট আমি মানি না।’
পরে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সবাই জানে, জানবে না কেন? আমার ইউটিউব শুনেন, আমি এই কোর্ট মানি না। এই কোর্টের আমি বিচার মানি না, ইউটিউবে বলেছি, টকশো’তে বলেছি। যদি না বলে থাকি এখন বললে আমার ভুল, মাফ চাইব, প্রতিদিন বলছি এই কোর্টের বিচার আমি মানি না। এই কোর্টের গঠন প্রক্রিয়া বলে এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছে আমার ধারণা এদের মধ্যে, এদের ভেতরে একটা কথা আছে।’
রিপোর্টার্স২৪/এসসি