স্টাফ রিপোর্টার: কোনো প্রকার সরকারি ঘোষণা ছাড়াই ভোজ্যতেলের দাম একতরফাভাবে বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় সয়াবিন তেলের দাম বাড়িয়েছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।
বুধবার(৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার সম্পূর্ণ অজ্ঞাত ছিল। মাত্র আধা ঘণ্টা আগে আমরা বিষয়টি জানতে পেরেছি। আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি কোনো ঘোষণা ছাড়া নীরবে লিটারে ৯ টাকা করে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সংশ্লিষ্ট কোম্পানিগুলো। বিষয়টি উল্লেখ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে এক হয়ে তারা যে পদক্ষেপ নিয়েছে, সেটি অবৈধ ও অনৈতিক।
পরবর্তীতে সরকারের করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। কারণ এই দাম বাড়ানোর কোনো আইনি ভিত্তি নেই।
রিপোর্টার্স২৪/এসসি