সিনিয়র রিপোর্টার: র্যাবের টিএফআই সেলে বিরোধী মতাবলম্বীদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। অন্য দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।
দুপুর পৌনে ১২টায় শুরু হওয়া কার্যক্রমে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, টিএফআই সেলে সংঘটিত গুমের বীভৎস চিত্র দীর্ঘ ১৬ বছর পর উন্মোচিত হয়েছে এবং ২০২৪ সালের ৫ আগস্ট ‘নতুন বাংলাদেশ’ সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছে। তাঁর বক্তব্যে গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য নির্ধারণের নানামাত্রিক বর্ণনা উঠে আসে কোথাও তাদের গ্রেপ্তার দেখানো হতো, আবার অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় গুম রেখে অজানা স্থানে ফেলে দেওয়া হতো।
এর আগে সকালে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপনিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন,সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ এবং র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) খায়রুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। ওইদিনও কারাগার থেকে আনীত ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি