সিনিয়র রিপোর্টার: জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিত হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে বিচারের মুখোমুখি করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে বুধবার (৩ ডিসেম্বর) বিষয়টি জানা যায়।
প্রসিকিউশন জানায়, আন্দোলন চলাকালে পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ রেখে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়েছিল। এ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে।
এ ছাড়া আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে প্রসিকিউশন। অভিযোগ রয়েছে, আন্দোলন দমনে কারফিউ জারি, দমন–পীড়নের পরামর্শ এবং সহিংসতা পরিচালনার বিষয়ে তাঁদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
প্রসিকিউশন সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অথবা আগামী সপ্তাহের মধ্যে দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় হঠাৎ হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। ১৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই পর্যন্ত মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল টানা ১৩ দিন; যা ৫ আগস্ট দুপুরে স্বাভাবিক হয়। এতে সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা গুরুতর যোগাযোগ–ব্যাহত পরিস্থিতির মুখে পড়েন। অভিযোগ রয়েছে, ঘটনাগুলো ছিল পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক পদক্ষেপ।
রিপোর্টার্স২৪/এসসি