মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে খাবাসপুর আদর্শ ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি দেবেন্দ্র কলেজ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এই খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে খাবাসপুর ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি দেবেন্দ্র কলেজ।
বিকেলে সমাপনী এই খেলার পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হাসান খান।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. শহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. রবিন শীষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন, খাবাশপুর আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন বাদল, আব্দুল মোমিন প্রমুখ।
তারুণ্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ খেলার আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস। ৩০ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার নয়টি কলেজ অংশগ্রহণ করে।
রিপোর্টার্স২৪/ধ্রুব