রিপোর্টার্স২৪ডেস্ক: লিবিয়া থেকে অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৪ ডিসেম্বর আরও ৩১০ বাংলাদেশিকে দেশে আনা হচ্ছে। এর আগে অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন।
ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসির সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ তথ্য জানানো হয়। সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বলেন, লিবিয়া সরকারের সহযোগিতায় চলতি কর্মসূচির আওতায় হাজারো অনিয়মিত অভিবাসীকে নিরাপদে দেশে পাঠানো হচ্ছে। শুধু অক্টোবরেই তিনটি ফ্লাইটে ৯২৮ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। নতুন করে ৩১০ জনকেও দেশে পাঠানো হবে।
তিনি জানান, মানবিক নীতি ও নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে। অভিবাসীদের জরিমানা মওকুফ, বহির্গমন ভিসা ইস্যু, খাদ্য-আবাসনের ব্যবস্থাসহ সব প্রক্রিয়া লিবিয়া সরকারের সমন্বয়ে পরিচালিত হচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস নিয়মিত কাজ করছে। গত আড়াই বছরে সাড়ে সাত হাজারের বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।