মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে বিএনপির মনোনয়ন-বঞ্চনা ইস্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনে (সদর-গজারিয়া) কামরুজ্জামান রতনকে দলীয় প্রার্থী ঘোষণার প্রতিবাদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনের কুশপুত্তলিকা দাহ করেছেন দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের থানারপুল এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনের সমর্থকরা ব্যানার-ফেস্টুনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করেন। এর পরপরই বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ করেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারপুল এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে। এ সময় জেলা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
বিক্ষুব্ধরা কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে দেন। পরে দলের মহাসচিব ও সমাজকল্যাণ সম্পাদকের কুশপুত্তলিকাও দাহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাইদুর রহমান ফকির, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শহিদুল ইসলাম শহীদ, জেলা বিএনপির সাবেক সদস্য মো. গোলজার হোসেন, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আব্দুল মতিন, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মু. মাসুদ রানা ও জেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল হাসেম প্রমুখ।
উল্লেখ্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রিপোর্টার্স২৪/আরকে