রিপোর্টার্স২৪ ডেস্ক: শীতের মৌসুম আসলেও রাজধানীর বাজারে সবজির দাম কমার পরিবর্তে আরও বাড়তে শুরু করেছে। মূলা ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজির কেজি দামের পরিসর এখন ৬০-৮০ টাকার মধ্যে এবং কিছু সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, বাঁধাকপিও (মাঝারি) প্রতি পিস ৪০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি ও করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা ও গাজর প্রতি কেজি ৮০ টাকা। এছাড়া শালগম প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, শিম ৬০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং নতুন আলু প্রতি কেজি ১২০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের ফুলও প্রতি কেজি ৮০ টাকায় বাজারে ধরা পড়েছে।
বেসরকারি চাকরিজীবী আলতাফ হোসেন বলেন, “শীত আসলেও সবজির দাম বেড়ে গেছে। আগে যেখানে এক কেজি কিনতাম, এখন তা কিনতে হচ্ছে আধা কেজি করে।”
মালিবাগ বাজারের বিক্রেতা এরশাদ আলী বলেন, “পাইকারি বাজারে সরবরাহ কম হওয়ায় কেনার দাম বেশি পড়ছে, ফলে খুচরা বাজারে দামও বেড়ে গেছে।”
কাওরানবাজারের বিক্রেতা শরিফুল ইসলাম আরও বলেন, “বৃষ্টি ও ক্ষেতে ক্ষতি হওয়ায় ফলন কমেছে। এছাড়া সবজি বোঝাই ট্রাক একাধিক হাত বদল হওয়ার কারণে দাম বাড়ছে।”
বাজারে সরবরাহ সীমিত হওয়ায় সাধারণ ভোক্তারা স্বাভাবিক দামে সবজি কিনতে পারছেন না, ফলে পরিবারগুলোকে সীমিত পরিমাণে কেনাকাটা করতে হচ্ছে।
রিপোর্টার্স২৪/আয়েশা