ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সাংবাদিকতা ইতিহাসকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই প্রকাশিত হলো ‘ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান’গ্রন্থটির মোড়ক। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য মোড়ক উন্মোচন ছিল যেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক মিলনমেলা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বইটির লেখক ও গবেষক সুমন শিকদার, কেশবচন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সহ-সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক সাইফুল মাবুদ, সাপ্তাহিক চেনতা পত্রিকার প্রকাশক আলি কদর, শিক্ষক শুশেন্দু ভৌমিক, গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু এবং শিক্ষক সমিতির সভাপতি আতিয়ার রহমানসহ আরও অনেকে।
মোড়ক উন্মোচনের বিশেষ মুহূর্তে লেখক ও অতিথিদের সাথে ছিলেন বইয়ের অন্যতম চরিত্র সাংবাদিক আজাদ রহমান। তিনি আবেগঘন পরিবেশে তার সহধর্মিণী আক্তার জাহান শিল্পী ও কন্যা ইশরাত জাহান-এর হাতে বইটি তুলে দেন। পারিবারিক এই সংযোগ অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
পরবর্তীতে অতিথিদের হাতে একে একে বই তুলে দেওয়া হয় এবং শুরু হয় বইটিকে ঘিরে আলোচনা সভা। বক্তারা বইটির গবেষণাধর্মী উপস্থাপনা, ঝিনাইদহের সাংবাদিকতার ইতিহাস সংরক্ষণে লেখকের প্রচেষ্টা ও আজাদ রহমানের পেশাগত অবদান সম্পর্কে মনোমুগ্ধকর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক, সাহিত্যিক ও বাংলা সাহিত্যের বিশিষ্ট গবেষক উত্তম চক্রবর্তী। সার্বিকভাবে ঝিনেদার সাংবাদিকতা ও একজন আজাদ রহমান বইয়ের মোড়ক উন্মোচন হয়ে উঠেছিল ঝিনাইদহের সাংবাদিক মহলের জন্য এক স্মরণীয় দিন।
রিপোর্টার্স২৪/ঝুম