রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ) বলেছেন, দেশের দুর্যোগ মোকাবিলা, দুর্ঘটনা প্রতিরোধ এবং মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকাই জাতিকে এগিয়ে নিয়ে যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ফায়ার সার্ভিস মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণভিত্তিক মহড়া উপস্থাপন করে। এ সময় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। স্বেচ্ছাসেবা, মানবিক কাজ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের অবদানকে গুরুত্ব দিয়ে দিনটি পালনের আয়োজন করা হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা