মাগুরা প্রতিনিধি: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা তাদের মূল লক্ষ্য। এটি আমাদের শপথ ও অঙ্গীকার। ২৪ জুলাই আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই হত্যাকাণ্ডের প্রমাণও উপস্থাপিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের রায় মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই তাদের দেশে এক্সট্রাবিশন হোক। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে আমরা দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করবো। শহীদদের প্রতি আমাদের দায় আমাদের শপথ।
তিনি আরও বলেন, দেশে প্রত্যেক মানুষ একত্রিত হয়ে যারা জনগণের সন্তানদের হত্যা করেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। আমাদের হাতে ৭০ দিনের মতো সময় আছে, নির্বাচনের আগ পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবো।
প্রেস সচিব মাইনাস ফোর সংক্রান্ত বিতর্ক নিয়ে বলেন, আমরা কখনো ‘মাইনাস ফোর’ এর কথা বলিনি। যারা এ ধরনের দাবি করছেন, তারা স্বৈরাচারের দোসরদের মতো আচরণ করছেন। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযজ্ঞের দায়ে মাইনাস হয়েছেন।
শফিকুল আলম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, দেশের আপামর জনসাধারণের নেতা। আমরা চাই তিনি দেশে ফিরে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন।
তিনি আরও জানান, সরকার অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সব দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত এবং ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি।
রিপোর্টার্স২৪/এসসি