| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন : গণঅধিকার প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ০৭:৫৩:০২:পূর্বাহ্ন  |  ১১৭৫৫৩৭ বার পঠিত
অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন : গণঅধিকার প্রার্থী

ঝালকাঠি প্রতিনিধি: অতীতের জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের সঙ্গে দেখা করাই ছিল কঠিন—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজেদের পরিকল্পনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ঝালকাঠি ও নলছিটির মানুষের বহুদিনের দাবি—সংযোগ সেতু নির্মাণ। নির্বাচিত হলে তাঁর সর্বপ্রথম কাজ হবে এই সেতু নির্মাণ।

সভায় লিখিত বক্তব্যে সাগর বলেন, তিনি গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী এবং তাঁর নির্বাচনী প্রতীক ‘ট্রাক’। তিনি দাবি করেন, “এই ট্রাক উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ।” মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে বঞ্চনার অভিজ্ঞতা তাঁকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

দুর্নীতি দমনে শূন্য সহনশীলতার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রশাসন ও উন্নয়ন কার্যক্রমে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। কৃষি খাতকে গুরুত্ব দিয়ে তিনি সার–বীজের ন্যায্যমূল্য, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষিপণ্যের বাজারব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতি দেন।

মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সাগর বলেন, “মাদক আমাদের তারুণ্যের ভবিষ্যৎ ধ্বংস করছে। মাদক ব্যবসায়ীদের গোড়া থেকে উৎখাত করা হবে।”

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণের অঙ্গীকারও করেন তিনি। যাকাত ব্যবস্থাকে পরিবর্তন করে স্বাবলম্বী সমাজ গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সাগর বলেন, “দুই–চার হাজার টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না। একটি ভোট পাঁচ বছরের ভাগ্য নির্ধারণ করে।” তিনি দাবি করেন, তাঁর ঢাকায় বা বরিশালে কোনো বাড়ি নেই। নির্বাচিত হলে তিনি ঝালকাঠিতেই থেকে জনগণের পাশে থেকে কাজ করবেন।

মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ ঝালকাঠি সদর উপজেলা আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মিলন মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ ঝালকাঠি পৌর শাখার সভাপতি রিয়াদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ঢাকার আলরাজি টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সেখানেই ঝালকাঠি-২ আসনে মাহমুদুল ইসলাম সাগরের নাম চূড়ান্ত করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪