স্টাফ রিপোর্টার: সরকারি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতির কারণে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অবিলম্বে কাজে না ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের পুরোনো দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আন্দোলন চালাচ্ছেন। এতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা প্রাপ্তিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যে দাবির বিষয়ে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করছে। আন্দোলনকারীদের প্রতিনিধিরা দুই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন।
তবে মন্ত্রণালয়ের মতে, সমাধানের পথে অগ্রগতি থাকা সত্ত্বেও কর্মবিরতি অব্যাহত রাখা জনগণের জন্য সমস্যা সৃষ্টি করছে, যা স্বাস্থ্যসেবার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে কাজে যোগদানের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থবিরোধীভাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করা হলে সরকার আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।
রিপোর্টার্স২৪/এসসি