| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী : এ্যানি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:০৫:৫৫:অপরাহ্ন  |  ১১৭৮৭৭৬ বার পঠিত
বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারী : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বেগম খালেদা জিয়াকে একজন মহীয়সী নারী উল্লেখ করে বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় জেল খেটেছেন, তিনি একজন মুক্তিযোদ্ধা। বিগত ১৭ বছর ধরে তার প্রতি নানা ধরনের জুলুম-নির্যাতন করা হয়েছে। তিনি হেঁটে জেলে গিয়েছিলেন এবং অসুস্থ অবস্থায় জেল থেকে বেরিয়ে এসেছিলেন।

তিনি দাবি করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে স্বৈরাচার হাসিনা সরকার তাকে স্যাঁতসেঁতে অন্ধকার কারাগারে রেখেছিল। এমনকি তার খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। এ কারণেই তিনি এখন গুরুতর অসুস্থ। দেশ-বিদেশে চিকিৎসা করিয়েও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি। তার সুস্থতার জন্য এখন সারাদেশের মানুষ দোয়া করছে। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের পৌর আজিম শাহ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর ২নং ওয়ার্ড বিএনপি ও মহিলা দল এ সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন। তার সহধর্মিণী হিসেবে তিনবারের প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে গ্রামে-গঞ্জে ব্যাপক কাজ করেছেন।

এ্যানি আরও বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই জিয়া পরিবারের সুনাম রয়েছে। অল্প সময়ের জন্য প্রেসিডেন্ট থাকলেও জিয়াউর রহমান বাংলাদেশের জন্য ব্যাপক কাজ করেছিলেন, যার ফলে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও তিনি ও তার পরিবার অত্যন্ত জনপ্রিয়। তাই এখন বেগম জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছে। কেউ নামাজ পড়ে দোয়া করছে, কেউ মানত করছে। যে যার অবস্থান থেকে তার জন্য প্রার্থনা করছে। কারণ তিনি আমাদের সাহস, তিনি আমাদের মনোবল।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪