বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলার পৌর মহিলা দলের সদস্য তরফমেরু গ্রামের মরিয়ম বেগমের কন্যা আফিফা আরবির বিয়েতে আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) গাবতলী উপজেলার পৌর মহিলা দলের সদস্য তরফমেরু গ্রামের মরিয়ম বেগমের মেয়ের বৌভাত অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা তুলে দেন রাজশাহী-রংপুর বিএনপি মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ।
এ সময় কালাম আজাদ বলেন, বিগত অত্যাচারী সরকারের সময়ে মরিয়ম বেগম সকল আন্দোলন-সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করেছেন। মরিয়ম বেগমের কন্যার বিদায়বেলায় আমরা আমাদের এই বোনের বাড়িতে এসেছি। একই সঙ্গে বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান যে আর্থিক সহায়তা পাঠিয়েছেন, সেটি তার হাতে তুলে দিয়েছি। এ ছাড়া তার যেকোনো ধরনের সহযোগিতায় আমরা পাশে থাকব। আফিফা আরবির মা, মহিলা দল নেত্রী মরিয়ম বেগম বলেন, স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা ও সহানুভূতি পেয়ে আমি আবেগাপ্লুত। আমি বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের জন্য দোয়া করি।
এতে উপস্থিত ছিলেন বগুড়া শহর জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান পিয়াস, বিএনপি নেতা মিটন, কমল প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন