যশোর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শুরা সদস্য এবং যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘দেশের মানুষ একটি সৎ, দক্ষ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। সেই নেতৃত্ব গড়ে তুলতে জামায়াতে ইসলামের রোকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে যশোর জেলা শহরে জামায়াতে ইসলামের নিজস্ব কার্যালয়ে জেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
গোলাম রসুল আরো বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রোকনকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের শৃঙ্খলা, আদর্শ ও কর্মনীতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই তাদের প্রধান লক্ষ্য।’
তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, ‘সমাজের প্রতিটি স্তরে মানুষের কাছে পৌঁছাতে হবে। ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার ধারণা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’
নুর-ই আলী নূর মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর–৩ আসনের জামায়াতমনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের। এছাড়া বক্তব্য দেন সংগঠনের পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশিদুজ্জামান রতন ও অফিস সেক্রেটারি গাউসুল আজম। সম্মেলন সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল।
বিশেষ অতিথির বক্তব্যে ভিপি আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ অবিচার, দুর্নীতি ও দুঃশাসনের শিকার। জনগণ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের ধারক হিসেবে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের আরও ত্যাগী, সংগঠিত ও সচেতন ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি রোকনদের প্রতি এলাকার সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসংযোগ জোরদার করা এবং নির্বাচনি প্রস্তুতি সুসংগঠিত করার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা সংগঠনের আদর্শিক দৃঢ়তা বজায় রেখে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই জামায়াতে ইসলামের সবচেয়ে বড় শক্তি।
রোকন সম্মেলনে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন। সম্মেলন শেষে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/ঝুম