রাঙ্গামাটি প্রতিনিধি: পর্যটনসমৃদ্ধ রাঙ্গামাটিকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও খেলাধুলাবান্ধব হিসেবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাপ্তাই থেকে রাঙ্গামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টায় কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়ে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।
রাঙ্গামাটি জেলা পৌরসভার আয়োজনে প্রায় তিন শতাধিক নারী ও পুরুষ প্রতিযোগী এ দৌড়ে অংশ নেন। পৌরসভা সূত্র জানায়, পুরুষ বিভাগে প্রথম বিজয়ীকে ১০ হাজার টাকা, দ্বিতীয়কে ৮ হাজার এবং তৃতীয়কে ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। একই পুরস্কার কাঠামো রাখা হয়েছে মহিলা বিভাগেও। এছাড়া চল্লিশোর্ধ্ব বিভাগে প্রথম বিজয়ী পাবেন ৫ হাজার, দ্বিতীয় ৪ হাজার এবং তৃতীয় ৩ হাজার টাকা।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও রাঙ্গামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক বলেন, “বিশ্বের কাছে রাঙ্গামাটিকে আরও পরিচিত করতে পর্যটন, সবুজ পাহাড়, কাপ্তাই লেক ও পরিচ্ছন্ন নগর গঠনের লক্ষ্যে এই আয়োজন। খেলাধুলা মানুষের মন মানসিকতা সুস্থ রাখে এটাই আমাদের মূল চাওয়া।”
ম্যারাথন আয়োজনকে সফল করতে কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও রেড ক্রিসেন্ট সদস্যরা নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম