যশোর প্রতিনিধি : বিজয়ের প্রথম বার্তা এসেছিল যশোর থেকে। যশোরেই প্রথম উঠেছিল বিজয়ী বাংলাদেশের লাল–সবুজের পতাকা। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দিনটির মধ্যভাগে যশোর সেনানিবাস ছেড়ে পালিয়ে যায় পাকবাহিনী।
প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। আজ সেই ঐতিহাসিক যশোর মুক্ত দিবস—যা যেন উত্তাল দিনগুলোর স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দেয়। ঐতিহাসিক টাউন হল মাঠ থেকে তৈরি হয়েছিল নতুন এক ইতিহাস, যার পাতায় স্বর্ণাক্ষরে লেখা যশোরের নাম।
আনন্দ–উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে যশোর মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক টাউন হল মাঠের স্বাধীনতা মঞ্চের সামনে থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।
এরপর বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আশেক হাসান। র্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ ।
রিপোর্টার্স২৪/ঝুম