| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই অভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ০৯:২৩:৫১:পূর্বাহ্ন  |  ১১৬৭৯৭৮ বার পঠিত
জুলাই অভ্যুত্থানে ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক:  ছাত্র–জনতার জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ১১ স্কাউটের আত্মত্যাগ বাংলাদেশের নবযাত্রাকে নতুন শক্তি ও অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্কাউটসের সদরদপ্তরে জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোল নে শহীদ ১১ স্কাউট ও আহত স্কাউটদের ত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও দৃঢ় করেছে। তাদের আত্মদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।

স্কাউটিংয়ের দর্শন ও মূল্যবোধ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার অনন্য প্রশিক্ষণ। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে স্কাউট সদস্যরা সাধারণ মানুষের পাশে থেকে যে ভূমিকা রেখে চলেছেন, তা সত্যিই অনুকরণীয়। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক স্কাউটিংয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে তিনি জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে, যা জাতির জন্য গর্বের বিষয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্বও দেশের সক্ষমতার প্রত্যয় বহন করে।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত স্কাউটদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব। সততা, সাহস, দৃঢ়তা ও মানবিকতার মধ্য দিয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে। এটাই দেশের মানুষের প্রত্যাশা।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তী জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪