রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠেয় গণভোটে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে প্রায় দুই লাখ প্রবাসী ভোটার অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।
একই সঙ্গে দেশের ভেতরে থাকা তিন শ্রেণির ভোটার-নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে শুরু করে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ১৫ দিন অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।
শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই)’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিস্তারিত তথ্য ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
ইসি সচিব আখতার আহমেদ গত সোমবার বলেন, প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ তিন শ্রেণির ভোটারদের সুবিধা বিবেচনায় নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত রাখা হয়েছে।
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পরপরই অঞ্চলভিত্তিক বৈশ্বিক নিবন্ধন শুরু হয়। রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ এবং ১৯ হাজারের বেশি নারী। সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র (১৯ হাজার), সিঙ্গাপুর (১১ হাজার), মালয়েশিয়া (১১ হাজার), যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন হয়েছে।
(ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান আরও বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে অ্যাপে নিবন্ধনের সময় অবস্থানরত দেশের নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে। ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের মধ্যেই অ্যাপের ‘এডিট’ মেনু ব্যবহার করে সংশোধন করতে হবে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব হবে না।
রিপোর্টার্স২৪/আয়েশা