পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মো. আবু ইউসুফের সাথে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সাথে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন চলমান বিষয় ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের মতামত শোনেন। আলোচনায় সাংবাদিকরা নির্বাচনী দায়িত্বে পুলিশের নিরপেক্ষতা, চোরাচালান, শহরের যানজট, মাদক বিস্তার, বিদ্যালয়ের সামনে ইভটিজিং এবং নছিমন-করিমনের বিশৃঙ্খল চলাচলসহ নানা গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন।
বক্তব্যে পুলিশ সুপার মো. আবু ইউসুফ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনে পুলিশ শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে। সাংবাদিকদের উত্থাপিত অন্যান্য সমস্যাগুলোর বিষয়ে তিনি বলেন, জেলা পুলিশ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করে সমাধানের উদ্যোগ নেবে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. সাজিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, ডিবি ওসি জাকির হোসেন, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক এডভোকেট মো. জাকির হোসেন, সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, এডভোকেট কাজল বরনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/ঝুম