পটুয়াখালী প্রতিনিধি: শিক্ষকদের চলমান আন্দোলনকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “শিক্ষকদের সব আন্দোলনের সঙ্গেই আমাদের অবস্থান ছিল, আগামীতেও থাকবে। বাংলাদেশের বাস্তবতায় দাবি-দাওয়া আদায়ের জন্য আন্দোলন ছাড়া উপায় নেই এটা যেন সিস্টেমে পরিণত হয়েছে।”
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক-সাংবাদিক-সুশীল সমাজের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নুর বলেন, “বর্তমানে নন-পলিটিক্যাল সরকার ক্ষমতায় রয়েছে। রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেয়। এখন অন্য সেক্টরগুলো চাপ দিয়ে তাদের দাবি আদায় করছে। শিক্ষকরা চাপ দিলে তাদের অধিকার আদায় হবে না কেন? তাদের চলমান আন্দোলনকে আমি পুরোপুরি যৌক্তিকভাবে সমর্থন করি।”
শিক্ষকদের বদলির বিষয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের নরম ভেবে বিভিন্ন জায়গায় বদলি করে দেওয়া হয়েছে এটার আমি ব্যক্তিগতভাবে বিরোধিতা করি। আশা করি সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।”
তিনি আরও বলেন, “শিক্ষকরা কীভাবে দেশের জন্য ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করবেন, যদি তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত না করা হয়? বাংলাদেশে শিক্ষকের সংখ্যা কত? তাদের বেতন বাড়ালে রাষ্ট্রের কত ব্যয় বাড়ে? শিক্ষা ক্ষেত্রে ব্যয় কখনো ক্ষতি নয়; এটি ভবিষ্যতের বিনিয়োগ।”
তিনি শিক্ষকদের চাকরিকে প্রথম শ্রেণিতে উন্নীত করা এবং সমাজে তাদের মর্যাদা সুদৃঢ় করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের গলাচিপা শাখার আহ্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান। এতে বক্তব্য দেন সদস্যসচিব মো. জাকির হোসেন মুন্সি, উপাধ্যক্ষ নিরোধ লাল শিকদার, সহকারী শিক্ষক মুক্তা রহমান ফাহিমা ও আনোয়ার শিপন, সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু নাইমসহ অন্যরা।
রিপোর্টার্স২৪/আয়েশা