রংপুর প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, “সামনে নির্বাচন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট। নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।” তিনি বলেন, প্রফেসর ইউনূস আশা করছেন, আগামী নির্বাচন হবে আদর্শ নির্বাচন।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে কিছু সমস্যা থাকলেও এখন পরিস্থিতি অনেক ভালো। পুলিশ সংহতভাবে দায়িত্ব পালন করছে। কেউ পরাজিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক।”
শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, “দুটি খাতে বেশি গুরুত্ব দেওয়া দরকার একটি শিক্ষা, আরেকটি স্বাস্থ্য। উন্নত দেশগুলো এই দুটি ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগ করে। আমরাও সেই চেষ্টায় আছি।”
উপদেষ্টা জানান, চিকিৎসক ও নার্স সংকট নিরসনে স্বল্প সময়ের মধ্যে তিন হাজার চিকিৎসক এবং সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই খাতে বাজেটও বাড়ানো হয়েছে, যার প্রভাব আগামী বছর প্রতিফলিত হবে।
প্রবাসী কর্মসংস্থানের বিষয়ে তিনি আরো বলেন, “বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে। না হলে বেতন কম। আমাদের অনেকেই দক্ষতা ছাড়া বিদেশে যান, তাই কম বেতন পান। বিদেশে অসংখ্য নার্সের পদ খালি রয়েছে, দক্ষ নার্স হিসেবে গেলে ভালো বেতন পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার।”
রিপোর্টার্স২৪/আয়েশা