রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর বিচার দাবি করে সমর্থকরা মানববন্ধন করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ‘শহীদ পিন্টু স্মৃতি পরিষদ’ আয়োজনে রাজধানীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সরকারের কাছে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পিন্টুর মৃত্যু স্বাভাবিক নয়, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা বলেন, তৎকালীন ও বর্তমান পুলিশ ও কারা কর্তৃপক্ষ এই ঘটনায় দায় এড়াতে পারবে না।
বক্তারা বর্তমান আইজিপি বাহারুল আলমকে দায়ী করে পিন্টুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের মৃত্যুদণ্ড দাবি করেন। তাদের বক্তব্য, “পিন্টুকে যথাযথ চিকিৎসা না দিয়ে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল।”
পিলখানা বিদ্রোহ মামলায় দণ্ডপ্রাপ্ত পিন্টু রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ২০১৫ সালের ৩ মে কারা হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। পরিবার ও বিএনপি শুরু থেকেই এটিকে ‘কারা হেফাজতে হত্যা’ হিসেবে উল্লেখ করছে।
এদিকে পিন্টুর ভাই সম্প্রতি রাজশাহীর আদালতে ২৭ জনকে আসামি করে নতুন হত্যা মামলা করেছেন। মামলায় তৎকালীন কারা ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, “এটি শুধু পিন্টুর মৃত্যু নয়, দেশের কারা ব্যবস্থার সংস্কার ও দায়বদ্ধতার পরীক্ষা। শিগগিরই নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি আমাদের।”
রিপোর্টার্স২৪/আয়েশা