| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কক্সবাজারে অবৈধ বক শিকারের সরঞ্জাম জব্দ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ০৬, ২০২৫ ইং | ১৩:০০:২১:অপরাহ্ন  |  ১১৬১২৯৪ বার পঠিত
কক্সবাজারে অবৈধ বক শিকারের সরঞ্জাম জব্দ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার মাছকারিয়া বিল এলাকায় দীর্ঘদিন ধরেই চলছিল বক শিকারের মহোৎসব। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও শিকার বন্ধ হচ্ছিল না। শিকারীরা আগেভাগেই অভিযান সম্পর্কে খবর পেয়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করাও সম্ভব হয়নি।

অবশেষে শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উখিয়া বন বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকার সরঞ্জাম জব্দ ও ধ্বংস করেছে।

বন বিভাগ জানায়, চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বকসহ বিভিন্ন বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল। অভিযানে ধ্বংস করা হয়েছে ৭০০টি জাল, ৩ হাজারের বেশি কৃত্রিম বক, এবং ১০০টি ঘরাকৃতির ফাঁদ। এছাড়া উদ্ধার করা হয়েছে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল, যেগুলো পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “বন্যপ্রাণী সুরক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যারা অবৈধভাবে শিকার বা ফাঁদ বসায় তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও যেন সচেতন হয়ে বন বিভাগের সঙ্গে সহযোগিতা করে।”

অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, স্টাফ, ইমার্জেন্সি রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোল গ্রুপসহ প্রায় ২০০ সদস্যের একটি টিম অংশ নেয়। কর্মকর্তাদের আশা, এ ধরনের বৃহৎ অভিযান এলাকায় দীর্ঘদিন সক্রিয় থাকা শিকার চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত করবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪