রিপোর্টার্স২৪ ডেস্ক: অবিলম্বে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তারা এই দাবি করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আজিজের সভাপতিত্বে এবং মহাসচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক সচিব এ বি এম আবদুস সাত্তার, জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন ও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নীতি-নির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ বলেন, আগামী জানুয়ারির মধ্যেই জাতীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। অন্যথায় সচিবালয় অভিমুখে লং মার্চসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মহাসচিব বদরুল আলম সবুজ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো-
১৪ ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি,
টাইমস্কেল-সিলেকশন গ্রেড ও শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল,
ন্যায্যমূল্যে মানসম্মত রেশন নিশ্চিত করা,
আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল,
আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারার আলোকে সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকারের স্বীকৃতি।
সমাবেশের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা