বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে প্রভাবশালী একটি পরিবারের হামলা ও লুটপাটের ঘটনায় পৈত্রিক ভিটা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে একটি হিন্দু পরিবার। ঘরবাড়ি ধ্বংস করে উচ্ছেদ ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আব্দুল হামিদ সরদার, তার ছেলে নাহিদ হাসান ও তাদের আত্মীয়দের বিরুদ্ধে।
শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী অরুণ কুমার সাহা জানান, গভীর রাতে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয়। গৃহস্থালি মালামাল লুট করে বসতভিটা সমতল করে দেওয়া হয়। উচ্ছেদের পর থেকে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।
অরুণ সাহা বলেন, তাদের দাদু যদু সাহার পৈত্রিক জমিতে পরিবারটি ৮০ বছর ধরে বসবাস করছে। নদীভাঙনে জমি বিলীন হলেও পরে জেগে উঠলে নতুন করে বসতবাড়ি নির্মাণ করা হয়। কিন্তু চলমান জরিপে ভুলবশত জমিটি জেলা প্রশাসকের নামে রেকর্ড হওয়াকে কেন্দ্র করে প্রভাবশালীরা দখলের চেষ্টা শুরু করে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে আদালতের শরণাপন্ন হন। আদালত নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে বর্তমানে সেখানে পাকা দোকান নির্মাণ করা হচ্ছে। হিন্দুকান্দী মৌজার সাবেক দাগ ৫০৫-এর ২৪ শতক জমি নিয়ে বিরোধ চলছে বলে তিনি জানান।
অভিযুক্ত নাহিদ হাসান বলেন, জমি সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এ বিষয়ে সারিয়াকান্দী থানার ওসি মো. জামরুল হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সংখ্যালঘু হওয়ায় পরিবারটি অত্যন্ত অসহায় অবস্থায় রয়েছে। দ্রুত তাদের পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিতের দাবি তুলেছেন তারা।
রিপোর্টার্স২৪/এসসি